শিরোনাম
চমৎকার ডেস্ক | ০১:৩৪ পিএম, ২০২৬-০৯-২৬
চট্টগ্রামকে আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে প্রযুক্তির বাস্তব প্রয়োগে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘আইকনেক্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি এখন আর শুধু কম্পিউটার, মোবাইল ফোন কিংবা শিল্পকারখানার মধ্যে সীমাবদ্ধ নেই। একটি আধুনিক নগরের যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, বিদ্যুৎ সাশ্রয় এবং নাগরিক সেবার সঙ্গে প্রযুক্তি সরাসরি সম্পৃক্ত।
মেয়র বলেন, “চট্টগ্রামকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের চাপ বিশ্লেষণ করে ট্রাফিক সিগন্যাল আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।”
তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলোকে ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসী রাস্তা, জলাবদ্ধতা, মশা, বর্জ্য, সড়কবাতি ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে পারছেন এবং তার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারছেন।
নগরের নিরাপত্তা ও আলোকায়ন ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রায় ১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎচালিত আধুনিক এলইডি সড়কবাতি, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে নগরের গুরুত্বপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে আরও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিনের ঝুলন্ত তারের জঞ্জাল অপসারণ করে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নগরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি যোগাযোগ অবকাঠামোও আরও নিরাপদ ও পরিকল্পিত হবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, “ভবিষ্যতের শহর হবে ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস (আইওটি), অটোমেশন ও ডিজিটাল কানেক্টিভিটির ওপর নির্ভরশীল। চট্টগ্রামও সেই পরিবর্তনের বাইরে থাকতে পারে না।”
তিনি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তিবিদদের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা ও উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামের যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও নগর নিরাপত্তার মতো সমস্যাগুলোর প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করতে হবে।
তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ডেটা সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট অবকাঠামোর মতো প্রযুক্তিকে মানুষের কল্যাণে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞানসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও জ্ঞান বিনিময় করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin