শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২৬-১০-০৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) জঙ্গল সলিমপুরে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় তিনি আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, একসময় জঙ্গল সলিমপুরকে ‘স্টেট উইদিন স্টেট’ হিসেবে উল্লেখ করা হতো। তবে ৯ মার্চের পর এলাকার পরিস্থিতিতে পরিবর্তন এসেছে এবং ধীরে ধীরে সেখানে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।
১৪ কিলোমিটার সড়ক নির্মাণ
জঙ্গল সলিমপুরের যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান এসব সড়কের নির্মাণকাজের প্রায় ২৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।
২৩ সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা
জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন করা হয়েছে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক এসব স্থান ছাড়াও নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও অন্যান্য উন্নয়নকাজ ঘুরে দেখেন।
জাহিদুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চায় প্রশাসন। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি একটি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই লক্ষ্য।
শিক্ষকদের বেতন দেওয়ার আশ্বাস
পরিদর্শনের সময় আলীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষক-কর্মচারীদের বেতনসংক্রান্ত জটিলতার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জবাবে জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী মাসগুলোর বেতন পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।
বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। প্রয়োজনে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
তিনি বলেন, শিক্ষার্থীরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজকে নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ
পরিদর্শনকালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০০টি স্কুলব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা এবং ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে চকলেটও বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, শিক্ষকদের সম্মান করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার পরামর্শ দেন।
জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা প্রপাগান্ডার’ অভিযোগ
জঙ্গল সলিমপুরকে ঘিরে ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, এলাকার শিশুরা এখন স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব বাস্তবতা দেখলে জঙ্গল সলিমপুর সম্পর্কে অনেকের ধারণা পরিবর্তিত হতো।
তিনি আরও বলেন, গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সময় সহযোগিতা করায় আলীনগর স্কুল ও এসএম পাইলট স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য বিদ্যালয় দুটি জায়গা দিয়েছিল বলে জানান তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin