শিরোনাম
চমৎকার ডেস্ক | ১১:৪৬ পিএম, ২০২৬-১১-০২
ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসন। তাঁর দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। আগামী ৭ নভেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন কার্লসন। তাঁর দাবি, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (Pickaxe Mountain) নামের একটি ভূগর্ভস্থ স্থাপনা।
কার্লসনের দাবি অনুযায়ী, স্থাপনাটির ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। সেখানে ইরান পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করেছে বলে ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা। প্রচলিত মার্কিন অস্ত্র দিয়ে স্থাপনাটির গভীরে পৌঁছানো কঠিন হওয়ায় পারমাণবিক হামলার বিষয়টি সামনে আসতে পারে বলে দাবি করেন তিনি।
কার্লসন আরও অভিযোগ করেন, নেতানিয়াহু নিয়মিত ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য চাপ দিচ্ছেন। এমনকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারসহ শীর্ষ কর্মকর্তাদেরও সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিতে উৎসাহিত করছেন বলে দাবি করেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন কার্লসন। তাঁর দাবি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের পরামর্শেই ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছেন।
সম্ভাব্য পারমাণবিক হামলার পরিণতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই মার্কিন ভাষ্যকার। তাঁর আশঙ্কা, পিকঅ্যাক্স মাউন্টেনে ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয় পদার্থ পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এতে ওই অঞ্চলের পরিবেশ, পানির উৎস এবং কোটি মানুষের জনজীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে এমন হামলা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নতুন নজির তৈরি করে আন্তর্জাতিক সংঘাত আরও বিস্তৃত করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। গত ১৬ অক্টোবর নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করলেও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই।
অন্যদিকে, ২ নভেম্বর প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদনেও কার্লসনের এই দাবির বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবে পারমাণবিক হামলার পরিকল্পনা, নেতানিয়াহুর চাপ কিংবা আগামী ৭ নভেম্বরের মধ্যে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশিত হয়নি। হোয়াইট হাউস, পেন্টাগন কিংবা ইসরায়েল সরকারও এমন কোনো পারমাণবিক হামলার পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin